চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি:
জুনিয়র বৃত্তি পরীক্ষা–২০২৫ সুষ্ঠু, সুন্দর ও নকলমুক্তভাবে সম্পন্ন করার লক্ষ্যে কক্ষ পরিদর্শকদের জন্য একটি ওরিয়েন্টেশন কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২৭ ডিসেম্বর ২০২৫) সকাল ১১টা ৩০ মিনিটে চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার টাপাইনবাগঞ্জে অবস্থিত হরিমোহন সরকারি উচ্চ বিদ্যালয়ের হলরুমে এ কর্মশালার আয়োজন করা হয়।
কর্মশালায় সভাপতিত্ব করেন বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক রুবিনা আনিস। সভাপতির বক্তব্যে তিনি বলেন, “জুনিয়র বৃত্তি পরীক্ষা শিক্ষার্থীদের ভবিষ্যৎ গঠনের একটি গুরুত্বপূর্ণ ধাপ। তাই এ পরীক্ষায় দায়িত্বপ্রাপ্ত কক্ষ পরিদর্শকদের সর্বোচ্চ সততা, নিষ্ঠা ও দায়িত্বশীলতার সঙ্গে দায়িত্ব পালন করতে হবে।”
কর্মশালায় আরও বক্তব্য দেন সহকারী প্রধান শিক্ষক মোঃ সাদেকুল ইসলাম। তিনি কক্ষ পরিদর্শকদের দায়িত্ব, আচরণবিধি এবং পরীক্ষাকেন্দ্রে শৃঙ্খলা বজায় রাখার বিভিন্ন দিক নিয়ে বিস্তারিত আলোচনা করেন।
এছাড়াও বক্তব্য রাখেন সিনিয়র শিক্ষক মোঃ আব্দুল বাশির, মোঃ লোকমান হেকিম, শিক্ষক হাবিবুর রহমান এবং মোসা. শুকুরিয়া। বক্তারা পরীক্ষাকেন্দ্রে সময়ানুবর্তিতা, নকল প্রতিরোধ, পরীক্ষার্থীদের সঙ্গে সৌজন্যমূলক আচরণ এবং পেশাদারিত্ব বজায় রেখে দায়িত্ব পালনের ওপর গুরুত্বারোপ করেন।
অনুষ্ঠানের শেষ পর্যায়ে প্রশ্নোত্তর পর্বে অংশগ্রহণকারী কক্ষ পরিদর্শকরা তাঁদের বিভিন্ন জিজ্ঞাসা উত্থাপন করেন এবং সংশ্লিষ্টরা তাৎক্ষণিকভাবে প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন।
উল্লেখ্য, হরিমোহন সরকারি উচ্চ বিদ্যালয়, টাপাইনবাগঞ্জের আয়োজনে অনুষ্ঠিত এ কর্মশালায় বিদ্যালয়ের শিক্ষকবৃন্দ ও সংশ্লিষ্ট কক্ষ পরিদর্শকরা উপস্থিত ছিলেন।
