চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি, চাঁপাইনবাবগঞ্জে বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের উদ্যোগে জেলা পর্যায়ে শ্রীমদ্ভগবদ্গীতা পাঠ প্রতিযোগিতা, আলোচনাসভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (২৬ ডিসেম্বর) সকালে বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ, চাঁপাইনবাবগঞ্জ জেলা শাখার আয়োজনে শহরের ঐতিহ্যবাহী শ্রীশ্রী রামসীতা মন্দিরে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
গীতাপাঠ প্রতিযোগিতা উপলক্ষে আয়োজিত আলোচনাসভায় জেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি সাংবাদিক ডাবলু কুমার ঘোষ সভাপতিত্ব করেন। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নবাবগঞ্জ সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর ড. শংকর কুমার কুন্ডু।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উত্তরবঙ্গ বৈষ্ণব সংঘের প্রতিষ্ঠাতা আচার্য শ্রীল শ্যামকিশোর দাস গোস্বামী, মন্দিরভিত্তিক গণশিক্ষা কার্যক্রম প্রকল্পের প্রকল্প সহকারী মিলন কুমার দাস, বাংলাদেশ হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান ঐক্য পরিষদ চাঁপাইনবাবগঞ্জ জেলা শাখার সাধারণ সম্পাদক শ্রী দিলীপ রায় এবং বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ জেলা শাখার সাধারণ সম্পাদক ধনঞ্জয় চ্যাটার্জী।
এছাড়াও বক্তব্য দেন বাংলাদেশ হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান ঐক্য পরিষদ চাঁপাইনবাবগঞ্জ পৌর শাখার সাধারণ সম্পাদক শ্রী সমিত চট্টোপাধ্যায়, নারী নেত্রী ছবি রানী সাহা, পূজা উদযাপন পরিষদ সদর উপজেলা শাখার সাধারণ সম্পাদক তরুণ সাহা, নবাবগঞ্জ পৌর শাখার সাধারণ সম্পাদক শ্রী অজিত দাস, বাংলাদেশ ব্রাহ্মণ সংসদ চাঁপাইনবাবগঞ্জ জেলা শাখার সাধারণ সম্পাদক রানা প্রতাপ আচার্য এবং শ্রীশ্রী রামসীতা মন্দিরের পুরোহিত চন্দন পান্ডে।
অনুষ্ঠানে শ্রীমদ্ভগবদ্গীতা পাঠ প্রতিযোগিতার ‘ক’ ও ‘খ’ গ্রুপে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। এ সময় জানানো হয়, দুই গ্রুপে প্রথম স্থান অর্জনকারীরা আগামী জুলাই মাসে অনুষ্ঠিতব্য রাজশাহী বিভাগীয় পর্যায়ের প্রতিযোগিতায় অংশগ্রহণ করবেন।
অনুষ্ঠানটি ধর্মীয় শিক্ষা ও নৈতিক মূল্যবোধ বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে বক্তারা আশা প্রকাশ করেন।
