“গৌড়” ঢাকা ইউনিভার্সিটি স্টুডেন্টস এসোসিয়েশন অব চাঁপাইনবাবগঞ্জের আয়োজনে এবং কলেজ কর্তৃপক্ষের অনুমতি সাপেক্ষে চাঁপাইনবাবগঞ্জের বিভিন্ন কলেজে “বিশ্ববিদ্যালয়ে ভর্তি ও উচ্চশিক্ষা এবং ক্যারিয়ার পরিকল্পনা” শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হচ্ছে।
চাঁপাইনবাবগঞ্জ জেলার শিক্ষার্থীদের বিশ্ববিদ্যালয়ে ভর্তি ও উচ্চশিক্ষা সম্পর্কে সচেতন করতে এই সেমিনার সিরিজের আয়োজন করা হয়েছে। ইতোমধ্যে ৩টি উপজেলায় মোট ৬টি কলেজে সেমিনার সম্পন্ন হয়েছে। কলেজগুলো হলো—
ভোলাহাট মোহবুল্লাহ মহাবিদ্যালয়, ভোলাহাট সরকারি মহিলা কলেজ, নাচোল সরকারি কলেজ, নাচোল মহিলা কলেজ, আদিনা ফজলুল হক সরকারি কলেজ এবং শ্যামপুর হাজী মমতাজ মিঞা ডিগ্রি কলেজ।
প্রতিটি সেমিনারে একাদশ ও দ্বাদশ শ্রেণির শিক্ষার্থীরা অডিয়েন্স হিসেবে উপস্থিত ছিলেন। প্রধান অতিথি হিসেবে কলেজগুলোর অধ্যক্ষ, উপাধ্যক্ষসহ অন্যান্য শিক্ষকরা অংশ নেন। সেমিনারগুলো সঞ্চালনা করেন গৌড়-এর সাধারণ সম্পাদক মো. দেলোয়ার হোসেন শাকিম।
আগামী রবিবার (০৭ ডিসেম্বর, ২০২৫) চাঁপাইনবাবগঞ্জ সরকারি মহিলা কলেজ এবং নবাবগঞ্জ সরকারি কলেজে সেমিনার অনুষ্ঠিত হবে।
“গৌড়” কর্তৃক আয়োজিত এই সেমিনারের মূল উদ্দেশ্য হলো চাঁপাইনবাবগঞ্জের শিক্ষার্থীদের বিশ্ববিদ্যালয়ে ভর্তির বিষয়ে আগ্রহী ও উৎসাহিত করা। পাশাপাশি ভর্তি পরীক্ষা ও বিশ্ববিদ্যালয়ে ভর্তির জন্য প্রয়োজনীয় দিকনির্দেশনা দেওয়া, যাতে এই অঞ্চলের মেধাবী শিক্ষার্থীরা সঠিক গাইডলাইন বা সুযোগের অভাবে পিছিয়ে না পড়ে। একই সঙ্গে উচ্চশিক্ষা ও ক্যারিয়ার পরিকল্পনা সম্পর্কে পরিষ্কার ধারণা তুলে ধরে তাদের ভবিষ্যৎ প্রস্তুতিকে আরও শক্তিশালী করে তোলাই এই আয়োজনের প্রধান লক্ষ্য।
