শিবগঞ্জ প্রতিনিধি
চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার মোবারকপুর ইউনিয়নের গঙ্গারামপুর গ্রামে ঘটেছে এক হৃদয়বিদারক ঘটনা। শুক্রবার সকালে মায়ের শাসনের সময় আঘাতের পর ১১ বছরের আশিক আলী প্রাণ হারায়—এমনটাই জানিয়েছে পরিবার ও স্থানীয়রা।
নিহত আশিক আলী স্থানীয় সুমন আলীর ছেলে। সকালবেলা নিয়মিত কাজের ফাঁকে সন্তানকে শাসন করছিলেন তার মা আলেয়া বেগম। স্থানীয়দের ভাষ্য—শাসনের এক পর্যায়ে আশিক দুর্বল হয়ে পড়ে এবং কিছু সময়ের মধ্যেই অচেতন হয়ে যায়। পরে তাকে মৃত বলে শনাক্ত করা হয়।
ঘটনার পর শোকে বাকরুদ্ধ হয়ে পড়েন আলেয়া বেগম। তিনি জানান, অন্যের বাড়িতে কাজ করে দুই সন্তানের দেখভাল করেন তিনি। “শাসন করতে গিয়ে এমন হবে ভাবতেই পারিনি,” বলেন তিনি। তার দাবি, আশিক কিছুদিন ধরেই শারীরিকভাবে দুর্বল ছিল।
ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ মাহামুদুল হক হায়দারী বলেন, “এটি পুরোপুরি অনাকাঙ্ক্ষিত ও দুর্ঘটনাবশত ঘটে যাওয়া একটি ঘটনা। শাসনের সময় অনিচ্ছাকৃত আঘাতেই শিশুটি মারা গেছে।”
খবর পেয়ে শিবগঞ্জ থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য চাঁপাইনবাবগঞ্জ জেলা হাসপাতালের মর্গে পাঠিয়েছে বলে জানান ওসি (তদন্ত) এসএম শাকিল হাসান। তার মতে, প্রাথমিকভাবে ঘটনাটি অসাবধানতাজনিত বলেই মনে হচ্ছে।
