চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি;
চাঁপাইনবাবগঞ্জে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে যৌথ বাহিনীর সমন্বিত বিশেষ অভিযানে ৪০ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ, র্যাবসহ বিভিন্ন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। বৃহস্পতিবার রাতভর জেলার বিভিন্ন স্থানে এ অভিযান পরিচালনা করা হয়।
চাঁপাইনবাবগঞ্জের পুলিশ সুপার মো. রেজাউল করিম এ-র সত্যতা নিশ্চিত করে জানান, জেলার পাঁচটি থানায় একযোগে এ অভিযান চালানো হয়। দীর্ঘদিন ধরে বিভিন্ন মামলায় গ্রেপ্তারি পরোয়ানাভুক্ত আসামি, নাশকতা, মাদকসহ বিভিন্ন অপরাধে জড়িত ব্যক্তিদের লক্ষ্য করেই এ বিশেষ অভিযান পরিচালিত হয়েছে।
তিনি আরও বলেন, গ্রেপ্তার হওয়া ব্যক্তিদের যাচাই-বাছাই করা হচ্ছে। আইনি প্রক্রিয়া সম্পন্ন করে তাদের আদালতে পাঠানো হবে।”
এদিকে অভিযানের সময় শহরের গুরুত্বপূর্ণ মোড়, পৌর এলাকা, শিবগঞ্জ–গোমস্তাপুর রোড, রেলস্টেশন এলাকা এবং সদর উপজেলার গ্রামীণ সড়কেও যৌথ বাহিনীর বিশেষ চেকিং দেখা গেছে।
অন্যদিকে চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে পুলিশের বিশেষ অভিযানে রাজনৈতিক কর্মীসহ ১১ জনকে আটক করেছে পুলিশ। বৃহস্পতিবার দিন ও রাতে উপজেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
পুলিশ সূত্র জানায়, গ্রেপ্তার হওয়া ৪০ জনকে পৃথক তালিকা অনুযায়ী যাচাই করা হচ্ছে। তাদের মধ্যে কয়েকজন মাদক মামলার ওয়ারেন্টভুক্ত আসামি এবং কয়েকজন নিয়মিত মামলার অভিযুক্ত। শুক্রবার তাদের আদালতে তোলা হবে।গোমস্তাপুরে আটককৃতদের মধ্যে ৩ জন রাজনৈতিক কর্মী, ৩ জন মাদক মামলার ও ৫ জন আদালতের পরোয়ানা ভুক্ত আসামি রয়েছে। আটক হওয়া তিনজন রাজনৈতিক কর্মীর মধ্যে রয়েছে গোমস্তাপুর উপজেলা যুবলীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মমিন বিশ্বাস, ছাত্রলীগ নেতা শাকিল ও আওয়ামী লীগ কর্মী রুবেল।
বিষয়টি নিশ্চিত করে গোমস্তাপুর থানার ওসি ফরিদ আহমেদ জানান,আটককৃতদের শুক্রবার জেলহাজতে পাঠানো হয়েছে
