চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি:
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে চাঁপাইনবাবগঞ্জে শক্তি প্রদর্শন করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। শনিবার (৮ নভেম্বর) সকালে প্রায় তিন হাজার মোটরসাইকেল নিয়ে শোভাযাত্রা বের করে দলটি।
চাঁপাইনবাবগঞ্জ-৩ (সদর) আসনের জামায়াত মনোনীত প্রার্থী, দলের নির্বাহী পরিষদের সদস্য ও ঢাকা মহানগর দক্ষিণের আমির নুরুল ইসলাম বুলবুলের নেতৃত্বে এ বিশাল মোটরসাইকেল শোডাউন অনুষ্ঠিত হয়।
নবাবগঞ্জ সরকারি কলেজ গেট থেকে শুরু হয়ে শোভাযাত্রাটি নিউমার্কেট, বিশ্বরোড, শান্তিমোড়সহ শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে চাঁপাইনবাবগঞ্জ পৌরসভা চত্বরে গিয়ে শেষ হয়।
শোডাউন শেষে সংক্ষিপ্ত সমাবেশে নুরুল ইসলাম বুলবুল বলেন,
> “চাঁপাইনবাবগঞ্জকে নতুনভাবে গড়ে তুলতে আমি কাজ করতে চাই ইনশাআল্লাহ। আমরা ক্ষমতার জন্য নয়, জনগণের সেবক হিসেবেই কাজ করব। আগামী দিনে আপনাদের প্রতিটি ভালো উদ্যোগের সঙ্গী হব ইনশাআল্লাহ।”
দীর্ঘদিন পর চাঁপাইনবাবগঞ্জ শহরে জামায়াতের এমন ব্যাপক শোডাউনে দলীয় নেতা-কর্মীদের মধ্যে উচ্ছ্বাস ও উৎসাহ লক্ষ্য করা গেছে।
