চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার নারায়ণপুর ইউনিয়নের খেয়াঘাট এলাকায় পদ্মা নদী পারাপারে নৌকায় অতিরিক্ত যাত্রী ও মালামাল তোলার এক ভয়াবহ দৃশ্য দেখা গেছে। নারায়ণপুর বাতাস মোড় থেকে আলীমনগরগামী একটি নৌকায় অতিরিক্ত যাত্রী পারাপারের এমন দৃশ্য স্থানীয়দের উদ্বিগ্ন করে তুলেছে।
প্রত্যক্ষদর্শীদের মতে, প্রতিদিনই এভাবে ঝুঁকি নিয়ে মানুষ নৌকায় পারাপার হচ্ছেন। ছবিতেই স্পষ্ট বোঝা যায়, কত সংখ্যক মানুষ ও মালামাল তোলা হয়েছে নৌকাটিতে—যা যেকোনো সময় বড় ধরনের দুর্ঘটনার কারণ হতে পারে।
স্থানীয়দের অভিযোগ, ইজারাদার ও ঘাট কর্তৃপক্ষের তদারকির অভাবে দীর্ঘদিন ধরেই এ ধরনের অনিয়ম চলছে। পদ্মার মতো বৃহৎ নদীতে ছোট আকারের নৌকায় অতিরিক্ত যাত্রী তোলা কোনোভাবেই নিরাপদ নয়। এভাবেই প্রতিনিয়ত ঘটে চলেছে ঝুঁকিপূর্ণ পারাপার, যা মাঝে মধ্যেই পরিণত হচ্ছে নৌকাডুবির মতো মর্মান্তিক দুর্ঘটনায়।
নিজস্ব প্রতিবেদক
একজন স্থানীয় বাসিন্দা ক্ষোভ প্রকাশ করে বলেন, “যদি এই নৌকায় আমাদের প্রিয়জন কেউ থাকতো, তাহলে আমরা নিশ্চয়ই চুপ করে বসে থাকতাম না। প্রশাসনের উচিত এখনই কঠোর ব্যবস্থা নেওয়া।”
সচেতন মহলের দাবি, ঘাট মালিক ও ইজারাদারদের প্রতি প্রশাসনের কঠোর নির্দেশনা থাকা প্রয়োজন—কোনো নৌকায় কতজন যাত্রী ও কতটুকু মালামাল বহন করা যাবে, তা স্পষ্টভাবে নির্ধারণ করতে হবে।
স্থানীয় প্রশাসনের প্রতি এলাকাবাসীর অনুরোধ, পদ্মা নদীর খেয়াঘাটে নিয়মিত মনিটরিং ও নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিত করা হোক, যাতে আর কোনো প্রাণহানি না ঘটে।
