চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি
চাঁপাইনবাবগঞ্জে মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে মিজানুর রহমান ও শিহাব আলী নামে দুই যুবক মারা গেছে। ওই দুর্ঘটনায় আহত হয়েছেন অপর আরোহী ইমন আলী । বুধবার বিকালে সদর উপজেলার ঝিলিম ইউনিয়নের কেন্দুল এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
সদর মডেল থানার পরিদর্শক (তদন্ত) সুকোমল চন্দ্র দেবনাথ এ তথ্য নিশ্চিত করেছেন।
নিহতরা হলেন- সদর উপজেলা মাঝপাড়ার তাজেবুর রহমানের ছেলে মিজানুর রহমান (২২) ও ধীনগর গ্রামের কামাল হোসেনের ছেলে শিহাব হোসেন (২০)। আহত যুবক আমনুরা কলোনীর শফিকুল ইসলামের ছেলে ইমন আলী।
ওসি (তদন্ত) সুকোমল চন্দ্র দেবনাথ বলেন, বেলা ৩ টার দিকে একই মোটরসাইকেলে তিন যুবক ঝিলিমবাজার থেকে গোদাগাড়ী যাচ্ছিলেন। পথে নিয়ন্ত্রণ হারিয়ে মোটরসাইকেলটি একটি কালভার্টের সঙ্গে ধাক্কা লাগে। এতে গুরুতর আহত তিনজনকে উদ্ধার করে স্থানীয়রা রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পথেই মারা যায় মিজানুর। পরে চিকিৎসাধীন অবস্থায় মারা যান শিহাব। গুরুতর আহত ইমন রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।
তিনি আরো জানান এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
