শিবগঞ্জ প্রতিনিধি
শিবগঞ্জে গণসংযোগে উন্নয়ন প্রতিশ্রুতি — শিক্ষা, চিকিৎসা ও রাস্তা উন্নয়নেরও আশ্বাস
চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে বিএনপি নেতা ও বিশিষ্ট ব্যবসায়ী বেলাল ই বাকী ইদ্রিশী বলেছেন, বিএনপি ক্ষমতায় এলে পদ্মা নদীতে স্থায়ী বাঁধ নির্মাণ করা হবে। পাশাপাশি এলাকার রাস্তাঘাট উন্নয়ন, শিক্ষা ও চিকিৎসাসহ জনগণের মৌলিক অধিকার নিশ্চিত করা হবে।
শনিবার (১৮ অক্টোবর) বিকেলে শিবগঞ্জ উপজেলার পাকা ইউনিয়নের দশরশিয়া ও বিশরশিয়া বাজার এবং দূর্লভপুর ইউনিয়নের গাইপাড়া এলাকায় গণসংযোগকালে তিনি এসব প্রতিশ্রুতি দেন।
বেলাল ই বাকী ইদ্রিশী বলেন,
> “বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ৩১ দফা বাস্তবায়নের লক্ষ্যে আমি জনগণের মাঝে এসেছি। আপনাদের অধিকার আদায়ে আমি পাশে আছি, ছিলাম এবং থাকব।”
তিনি আরও বলেন, পদ্মা তীরবর্তী মানুষের দীর্ঘদিনের দাবি এই বাঁধ নির্মাণ হলে শিবগঞ্জের কৃষি, যোগাযোগ ও জীবিকা ব্যবস্থায় নতুন গতি আসবে।
গণসংযোগে উপস্থিত ছিলেন পাকা ইউনিয়ন বিএনপির ৭নং ওয়ার্ড সভাপতি শফিকুল ইসলাম, চর পাকা লাল মোহাম্মদ নুরানী ও হাফেজিয়া মাদরাসার পরিচালক লাল মোহাম্মদ, দূর্লভপুর ইউনিয়ন পরিষদের সদস্য সাইদুর রহমান, মফিজ উদ্দিন মাস্টার, জেলা ছাত্রদলের আহ্বায়ক কমিটির সদস্য নাজিব উদ্দিন অমিসহ বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।
