নয়াদিল্লি, ৬ জুন: বিভিন্ন প্রতিযোগিতামূলক ও স্কুল পর্যায়ের পরীক্ষায় অনিয়মের অভিযোগ তুলে ভারতের রাজধানী দিল্লির যন্তর মন্তরে শনিবার সকাল ১০টা থেকে বিক্ষোভ কর্মসূচি শুরু করেছে অনলাইনভিত্তিক যুব আন্দোলন ‘ককরোচ জনতা পার্টি’ (সিজেপি)।
সিজেপির প্রতিষ্ঠাতা অভিজিৎ দিপকে শনিবার সকালে যুক্তরাষ্ট্র থেকে দিল্লিতে পৌঁছান। বিমানবন্দরে পুলিশের সঙ্গে তার সাক্ষাৎ হয়। পরে তিনি সমর্থকদের পার্লামেন্ট স্ট্রিট থানার সামনে জড়ো না হয়ে সরাসরি যন্তর মন্তরে যাওয়ার আহ্বান জানান।
সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে তিনি বলেন, “আমি পৌঁছে গেছি। যন্তর মন্তরে আপনাদের সবার সঙ্গে দেখা করার অপেক্ষায় আছি। বই এবং আমাদের তিরঙ্গা আনতে ভুলবেন না। ভালোবাসা ও শান্তির মাধ্যমে আমাদের আন্দোলন এগিয়ে নিতে হবে।” একই সঙ্গে তিনি পুলিশ সদস্যদের ফুল দিয়ে শুভেচ্ছা জানানোর আহ্বান জানান।
সিজেপির অভিযোগ, NEET-UG 2026, CUET, SSC GD এবং CBSE-এর বিভিন্ন পরীক্ষায় প্রশ্নফাঁস ও মূল্যায়ন প্রক্রিয়ায় অনিয়ম হয়েছে। এসব অভিযোগের প্রেক্ষিতে কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান-এর পদত্যাগ দাবি করেছে সংগঠনটি।
এদিকে সমাজকর্মী সোনম ওয়াংচুক আন্দোলনের প্রতি সমর্থন জানিয়েছেন। তিনি বলেন, অভিজিৎ দিপকেকে গ্রেপ্তার করা হলে তিনি ছয় সপ্তাহের অনশন করবেন। পাশাপাশি কর্মসূচিতে অংশগ্রহণকারীদের শান্তিপূর্ণ আচরণ এবং আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে সহযোগিতার আহ্বান জানান।
নিরাপত্তার বিষয়ে দিল্লি পুলিশ জানিয়েছে, যন্তর মন্তরের কর্মসূচিকে ঘিরে রাজধানীজুড়ে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। ইন্দিরা গান্ধী আন্তর্জাতিক বিমানবন্দর, সীমান্ত এলাকা এবং গুরুত্বপূর্ণ স্থাপনাগুলোতে অতিরিক্ত বাহিনী মোতায়েন করা হয়েছে। নয়াদিল্লি ও আশপাশের কৌশলগত এলাকায় এক হাজারের বেশি পুলিশ সদস্য দায়িত্ব পালন করছেন।
অন্যদিকে সিজেপিও তাদের সমর্থকদের শান্তিপূর্ণ আচরণ এবং আইনশৃঙ্খলা বাহিনীর প্রতি সম্মান প্রদর্শনের নির্দেশনা দিয়েছে।
সাম্প্রতিক সপ্তাহগুলোতে সামাজিক মাধ্যমে ব্যাপক আলোচনার পর যন্তর মন্তরের এই কর্মসূচিকে সিজেপির প্রথম বড় মাঠপর্যায়ের সমাবেশ হিসেবে দেখা হচ্ছে। সংগঠনটি এখনও নিবন্ধিত রাজনৈতিক দল নয়, তবে অনলাইনে তাদের অনুসারীর সংখ্যা উল্লেখযোগ্য হারে বৃদ্ধি পেয়েছে।
