নিজস্ব প্রতিবেদক
দীর্ঘ ২৭ বছরের বর্ণাঢ্য কর্মজীবনের ইতি টানলেন নাসার ভারতীয় বংশোদ্ভূত মার্কিন নভশ্চর সুনীতা উইলিয়ামস। গত ২৭ ডিসেম্বর আনুষ্ঠানিক ভাবে অবসর গ্রহণ করেছেন ৬০ বছর বয়সি এই মহাকাশচারী। মঙ্গলবার এক বিবৃতিতে সেই খবর নিশ্চিত করেছে মার্কিন মহাকাশ গবেষণা সংস্থা নাসা।
২০০৬ সালের ডিসেম্বরে প্রথম বার মহাকাশে পাড়ি দেন সুনীতা উইলিয়ামস। নাসার ডিসকভারি স্পেস শাটলে চড়ে তিনি যোগ দেন এক্সপিডিশন ১৪/১৫ অভিযানে, যেখানে ফ্লাইট ইঞ্জিনিয়ার হিসেবে গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেন। ওই অভিযানের সময় চারটি স্পেসওয়াক করে বিশ্বরেকর্ড গড়েন তিনি।
২০১২ সালে দ্বিতীয় বার মহাকাশে যান সুনীতা। ১২৭ দিনের সেই অভিযানে আন্তর্জাতিক মহাকাশ স্টেশন (আইএসএস)-এর কমান্ডারের দায়িত্বে ছিলেন তিনি। দক্ষ নেতৃত্ব ও সাহসিকতার জন্য সেই অভিযান বিশেষ ভাবে উল্লেখযোগ্য হয়ে ওঠে।
২০২৪ সালে তাঁর তৃতীয় ও শেষ মহাকাশ অভিযান ছিল বোয়িং স্টারলাইনারে চড়ে আইএসএস-এ যাওয়া। সঙ্গী ছিলেন আর এক মার্কিন মহাকাশচারী বুচ উইলমোর। যদিও ১০ দিনের পরিকল্পিত অভিযানে গিয়ে যান্ত্রিক ত্রুটির কারণে প্রায় ১০ মাস মহাকাশে আটকে থাকতে হয় তাঁদের। অবশেষে ২০২৫ সালের মার্চ মাসে, ২৮৬ দিন পর পৃথিবীতে নিরাপদে ফিরে আসেন দু’জনেই।
দীর্ঘ কর্মজীবনে সুনীতা উইলিয়ামস আন্তর্জাতিক মহাকাশ স্টেশনে মোট তিনটি অভিযান সম্পন্ন করেছেন। নাসার হিসাব অনুযায়ী, তিনি মোট ৬০৮ দিন মহাকাশে কাটিয়েছেন, যা নাসার মহাকাশচারীদের মধ্যে দ্বিতীয় দীর্ঘতম সময়। পাশাপাশি তিনি মোট ৯টি স্পেসওয়াক সম্পন্ন করেছেন, যার মোট সময়কাল ৬২ ঘণ্টা ৬ মিনিট—যা যে কোনও মহিলা নভশ্চরের মধ্যে সর্বোচ্চ। মহাকাশে ম্যারাথন দৌড়ানো প্রথম মানুষ হিসেবেও ইতিহাসে নাম লিখিয়েছেন তিনি।
সুনীতার অবদানের প্রশংসা করে নাসার প্রশাসক জ্যারেড আইজ্যাকম্যান বলেন,
“মানববাহী মহাকাশ অভিযানে সুনীতা উইলিয়ামস একজন অন্যতম পথিকৃৎ। মহাকাশ স্টেশনে দক্ষ নেতৃত্ব দেওয়ার পাশাপাশি পৃথিবীর নিম্ন কক্ষপথে বাণিজ্যিক অভিযানের পথ প্রশস্ত করেছেন তিনি। বিজ্ঞান ও প্রযুক্তির অগ্রগতিতে তাঁর অবদান ভবিষ্যৎ প্রজন্মকে বড় স্বপ্ন দেখতে অনুপ্রাণিত করবে।”
শিক্ষাগত যোগ্যতার দিক থেকেও সুনীতা উইলিয়ামস অত্যন্ত কৃতী। তিনি পদার্থবিজ্ঞানে স্নাতক এবং মেলবোর্নের ফ্লরিডা ইনস্টিটিউট অফ টেকনোলজি থেকে ইঞ্জিনিয়ারিং ম্যানেজমেন্টে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। পরে মার্কিন নৌসেনায় যোগ দিয়ে হেলিকপ্টার ও ফিক্সড-উইং পাইলট হিসেবে ৪০টিরও বেশি বিমানে ৪,০০০ ঘণ্টার বেশি উড়ানের অভিজ্ঞতা অর্জন করেন। ১৯৯৮ সালে নাসায় যোগ দেওয়ার পর আর ফিরে তাকাতে হয়নি তাঁকে।
মহাকাশ গবেষণার ইতিহাসে সুনীতা উইলিয়ামসের নাম চিরদিনই স্বর্ণাক্ষরে লেখা থাকবে বলে মনে করছেন বিজ্ঞানী ও মহাকাশ বিশেষজ্ঞরা।
