চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি ঃ
বিএসএফের জোর করে ঠেলে দেয়া ভারতীয় নাগরিক সুনালী খাতুন। তিনি অন্তঃসত্ত্বা এবং বর্তমানে অবৈধ অনুপ্রেেবশের অভিযোগে চাঁপাইনবাবগঞ্জ কারাগারে। ভারতীয় এই নারী ও তার স্বামী সহ ৬ জনকে গত ২৬ জুন পুশইন করে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী-বিএসএফ। পরে চাঁপাইনবাবগঞ্জ পুলিশ তাদের গ্রেপ্তার করে। এখন আমলী আদালতে তাদের বিচার চলছে।ভারতীয় আদালতের রায় মোতাবেক শুক্রবার ফেরতের সময় বেঁধে দেয়া থাকলেও আদালতে বিচারকাজ চলমান থাকায় তাদের ফেরা হলোনো নিজ দেশে।
ওই ছয় ভারতীয় নাগরিক হলেন- পশ্চিমবঙ্গ রাজ্যের বীরভূম জেলার ধিতোরা গ্রামের দানিশ শেখ (২৮), তার স্ত্রী সুনালী খাতুন (২৬), তাদের সন্তান সাব্বির শেখ (৮) এবং সুইটি বিবি (৩৩) ও তার দুই সন্তান, মো. কুরবান দেওয়ান (১৬) এবং মো. ইমাম দেওয়ান (৬)। এদের মধ্যে সুনালী খাতুন অন্তঃসত্ত্বা।
ভারতীয় সংবাদমাধ্যমের ভাষায় পুশইনের পর ‘রাষ্ট্রহীন’ হয়ে পড়েন সুনালী খাতুন সহ ৬ জন। যদিও ভারতের পশ্চিমবঙ্গের কলকাতা হাইকোর্ট তাদের চার সপ্তাহের মধ্যে দেশের ফেরানোর নির্দেশ দেয় সরকারকে। গত ২৬ সেপ্টেম্বর দেয়া ওই আদেশ অনুযায়ী সুনালীদের ফেরানোর জন্য বেঁধে দেয়া সময় ছিল শুক্রবার(২৪ অক্টোবর)। কিন্তু ভারতীয় সরকার এখন পর্যন্ত দৃশ্যমান কোন পদক্ষেপ নেয়নি বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।
আসামী পক্ষের আইনজীবী একরামুল হক পিন্টু বলেন, আদালত আগামী ৬ নভেম্বর অভিযোগ গঠনের শুনানীর দিন ধার্য্য করেছেন। ওইদিন শুনানী শেষে অভিযোগ গঠন হবে বলে আমরা আশা করছি। তিনি আরও বলেন- ধৃত ৬ জনই ভারতীয় নাগরিক, এ সংক্রান্ত কাগজপত্র আদালতে দাখিল করা হয়েছে।
বৃহস্পতিবার সুনালীদের তোলা হয় আদালতে:
বৃহষ্পতিবার চাঁপাইনবাবগঞ্জের আমলি আদালতে সুনালী খাতুনদের মামলার চার্জ গঠনের শুনানী ছিল। সুনালী খাতুনসহ ৬ জনকেই আদালতে হাজির করা হয়। সুনালী খাতুনের সঙ্গে গ্রেপ্তার হয়েছিলেন তাঁর স্বামী দানিশ শেখও। তাঁকেও আদালতে হাজির করা হয়েছিল।
এদিকে আদালত সুত্রে জানা গেছে, চলতি বছরের ২৬ জুন ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী-বিএসএফের পুশইনের পর চাঁপাইনবাবগঞ্জে গ্রেপ্তার অন্তঃসত্ত্বা নারীসহ ৬ ভারতীয় নাগরিকের বিরুদ্ধে আদালতে অভিযোগ (চার্জ) গঠনের দিন পিছিয়েছে। বৃহস্পতিবার দুপুরে চাঁপাইনবাবগঞ্জের সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট (তৃতীয় আদালত) মো. আশরাফুল ইসলাম এ সংক্রান্ত আদেশ দেন। আদালতের বিচারক শুনানীর জন্য ৬ নভেম্বর পরবর্তী দিন ধার্য করেন। এদিন অভিযোগ গঠনের দিন পেছানোর কারণে কলকাতা হাইকোর্টের বেঁধে দেওয়া সময়ের মধ্যে ওই ভারতীয় নাগরিকদের দেশে ফেরা অনিশ্চয়তার মধ্যে পড়েছে।
