মালদা প্রতিনিধি
মালদা: বৃহস্পতিবার রাজ্যের ১৫২টি বিধানসভা আসনের পাশাপাশি মালদার ১২টি আসনেও অনুষ্ঠিত হতে চলেছে ভোটগ্রহণ। সেই কারণে ভোটের আগের দিন বুধবার সকাল থেকেই জেলার তিনটি ডিসিআরসিতে চরম ব্যস্ততার ছবি ধরা পড়ে।
জানা গেছে, মালদা জেলার ১২টি বিধানসভা আসনের জন্য মোট তিনটি ডিসিআরসি তৈরি করা হয়েছে। এগুলি হলো—মালদা কলেজ, মালদা পলিটেকনিক এবং চাঁচল সিদ্ধেশ্বরী ইনস্টিটিউশন।
মালদা কলেজের ডিসিআরসিতে ৫০ নম্বর মালদা, ৫১ নম্বর ইংরেজবাজার এবং ৫২ নম্বর মোথাবাড়ি বিধানসভার ব্যবস্থা করা হয়েছে। অন্যদিকে মালদা পলিটেকনিকের ডিসিআরসিতে ৪৩ নম্বর হবিবপুর, ৪৪ নম্বর গাজোল, ৪৯ নম্বর মানিকচক, ৫৩ নম্বর সুজাপুর, ৫৪ নম্বর বৈষ্ণবনগর এবং ৪৮ নম্বর রতুয়া বিধানসভার দায়িত্ব দেওয়া হয়েছে।
এছাড়াও চাঁচল সিদ্ধেশ্বরী ইনস্টিটিউশনে ৪৫ নম্বর চাঁচল, ৪৬ নম্বর হরিশ্চন্দ্রপুর এবং ৪৭ নম্বর মালতীপুর বিধানসভার জন্য ডিসিআরসি করা হয়েছে।
বুধবার সকাল থেকেই এই তিনটি ডিসিআরসিতে ভোটকর্মীদের ভিড় লক্ষ্য করা যায়। নির্বাচন আধিকারিকরা ইভিএম, ভিভিপ্যাট সহ ভোটগ্রহণের জন্য প্রয়োজনীয় সমস্ত সরঞ্জাম ভোটকর্মীদের হাতে তুলে দেন। এরপর ভোটকর্মীরা সেইসব সামগ্রী নিয়ে নিজ নিজ ভোটকেন্দ্রের উদ্দেশ্যে রওনা দেন।
ভোটগ্রহণকে কেন্দ্র করে প্রশাসনের তরফে নিরাপত্তা ও প্রস্তুতিতে কোনো খামতি রাখা হয়নি বলেই জানা গেছে।
