স্টাফ রিপোর্টার
চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে সড়ক দুর্ঘটনায় দুই যুবকের মৃত্যু হয়েছে। মঙ্গলবার (১৮ আগস্ট) ভোর সাড়ে ৫টার দিকে উপজেলার মুসলিমপুর টাকশালদিঘী কালভার্ট এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন—বালিয়াদিঘী গ্রামের জমির উদ্দিনের ছেলে মো. আবু হায়াত (৩৫) এবং একই গ্রামের সাদিকুল ইসলামের ছেলে মো. হাবিব (১৮)।
স্থানীয়রা জানান, ভোরে কানসাট বাজার থেকে মোটরসাইকেলে করে বাড়ি ফিরছিলেন আবু হায়াত ও হাবিব। মুসলিমপুর টাকশালদিঘী কালভার্ট এলাকায় পৌঁছালে মোটরসাইকেলটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তায় পড়ে যায়। এতে দুজনই গুরুতর আহত হন।
পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে শিবগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক দুজনকেই মৃত ঘোষণা করেন।
শিবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মতিউর রহমান জানান, এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।
