গোমস্তাপুর (চাঁপাইনবাবগঞ্জ) প্রতিনিধি:
চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলার নবাগত উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. জিল্লুর রহমান জনপ্রতিনিধি, সুধীজন, রাজনৈতিক নেতৃবৃন্দ ও স্থানীয় গণমাধ্যমকর্মীদের সঙ্গে মতবিনিময় করেছেন।
সোমবার বিকেলে উপজেলা পরিষদ সভাকক্ষে এ মতবিনিময় সভার আয়োজন করা হয়। সভায় সভাপতিত্ব করেন নবাগত ইউএনও মো. জিল্লুর রহমান।
এ সময় বক্তব্য দেন রহনপুর পৌরসভার সাবেক মেয়র ও বিএনপি নেতা তারিক আহমদ, বিএনপি নেতা আসাদুল্লাহ আহমদ, এনায়েত করিম তোকি ও আশরাফুল হক, জামায়াত নেতা তরিকুল ইসলাম বকুল, সাংবাদিক আতিকুল ইসলাম আজম ও নাহিদ ইসলাম, সাবেক পৌর কাউন্সিলর জুয়েল আলী এবং ব্যবসায়ী নেতা সাজ্জাদ আলীসহ অন্যরা।
মতবিনিময় সভায় উপজেলার বিভিন্ন সমস্যা ও সম্ভাবনা নিয়ে আলোচনা করা হয়। বিশেষ করে মাদক, যানজট, দুর্নীতি ও অনিয়ম প্রতিরোধ, রাসায়নিক সার বিতরণসহ জনসাধারণের বিভিন্ন সমস্যা তুলে ধরেন বক্তারা।
নবাগত ইউএনও মো. জিল্লুর রহমান এসব সমস্যা সমাধানে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে প্রয়োজনীয় উদ্যোগ নেওয়ার আশ্বাস দেন। একই সঙ্গে উপজেলার সার্বিক উন্নয়ন ও জনসেবার মান বাড়াতে জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতৃবৃন্দ, সুধীজন ও গণমাধ্যমকর্মীসহ সবার সহযোগিতা কামনা করেন তিনি।
উল্লেখ্য, মো. জিল্লুর রহমান রোববার গোমস্তাপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা হিসেবে যোগদান করেন।
