চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি:
চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার মহাডাঙ্গা এলাকায় রেললাইনের পাশে একটি অর্ধগলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শনিবার (১ আগস্ট) বেলা সাড়ে ১১টার দিকে স্থানীয়রা মরদেহটি দেখতে পেয়ে পুলিশকে খবর দিলে ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করা হয়।
পুলিশ জানায়, মহাডাঙ্গা এলাকার রেললাইনের পাশের একটি পুকুরের ধারে দীর্ঘদিন ধরে মরদেহটি পড়ে থাকায় এতে পচন ধরে এবং দুর্গন্ধ ছড়িয়ে পড়ে। ঘটনাস্থল থেকে একটি ব্যাগ উদ্ধার করা হয়েছে। ব্যাগটিতে কিছু পোশাক ও ব্যক্তিগত ব্যবহারের সামগ্রী পাওয়া গেছে।
খবর পেয়ে সিআইডির ক্রাইম সিন ইউনিট ঘটনাস্থলে পৌঁছে বিভিন্ন আলামত সংগ্রহ করে। পরে মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য চাঁপাইনবাবগঞ্জ জেলা হাসপাতালের মর্গে পাঠানো হয়।
চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. একরামুল হোসাইন জানান, মরদেহটি আনুমানিক সাত থেকে আট দিন আগের। এখনো মৃত ব্যক্তির পরিচয় শনাক্ত করা সম্ভব হয়নি।
তিনি আরও জানান, ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ নিশ্চিত হওয়া যাবে। তবে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, হত্যার পর মরদেহটি সেখানে ফেলে রাখা হয়ে থাকতে পারে। আবার রেললাইনে দুর্ঘটনায়ও তার মৃত্যু হয়ে থাকতে পারে।
এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।
