চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি:
চাঁপাইনবাবগঞ্জ জেলা পুলিশের বিশেষ অভিযানে সদর উপজেলার ফুলকুড়ি সিএনবি ঘাট এলাকায় ২ কেজি ৬৯৫ গ্রাম কথিত হেরোইন উদ্ধার এবং একই পরিবারের চার সদস্যকে গ্রেফতার করা হয়েছে।
শনিবার (৫ জুলাই ২০২৬) দুপুর ২টার দিকে পুলিশ সুপার গৌতম কুমার বিশ্বাসের নেতৃত্বে চলমান বিশেষ অভিযানের অংশ হিসেবে সদর মডেল থানাধীন ফুলকুড়ি সিএনবি ঘাট গ্রামস্থ চরবাগডাঙ্গা ইউনিয়নের সাবেক মেম্বার মো. আব্দুর রহমানের বসতবাড়িতে অভিযান পরিচালনা করা হয়।
এ সময় মো. আব্দুর রহমান (৫৫), তার স্ত্রী মোছা. মাসিরুন বেগম (৫০), ছেলে মো. শুকুদ্দি (৩৪) ও মো. মাসুদ রানা (১৮)-কে গ্রেফতার করা হয়।
পুলিশ জানায়, অভিযানে তাদের হেফাজত থেকে ২ কেজি ৬৯৫ গ্রাম কথিত হেরোইন, ৫টি অ্যান্ড্রয়েড মোবাইল ফোন, ১টি বাটন ফোন, ১টি স্বর্ণের আংটি, ৭টি রুপাসহ অন্যান্য ধাতুর আংটি, ১টি ডিজিটাল ওজন মাপার মেশিন, ১টি পাসপোর্ট, ১টি ডিভিআর, ১টি হিট দেওয়ার বাল্ব, ১টি ফয়েল পেপার রোল, হেরোইন শুকানোর ১টি গামলা এবং মাদক বিক্রির ২৪ হাজার ৩২০ টাকা উদ্ধার করা হয়।
উদ্ধারকৃত আলামত ঘটনাস্থলেই জব্দতালিকা অনুযায়ী জব্দ করা হয়েছে। এ ঘটনায় সংশ্লিষ্টদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে বলে জানিয়েছে পুলিশ।
