স্টাফ রিপোর্টার
চাঁপাইনবাবগঞ্জে বীরশ্রেষ্ঠ শহীদ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর সেতু (মহানন্দা সেতু) টোলমুক্তের দাবিকে কেন্দ্র করে সৃষ্ট জনদুর্ভোগ এবং প্রধানমন্ত্রীর বিরুদ্ধে কুরুচিপূর্ণ স্লোগান ও হত্যার হুমকির অভিযোগে প্রতিবাদ বিক্ষোভ ও সমাবেশ করেছে জেলা যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদল।
শনিবার জেলা শহরে সংগঠন তিনটির যৌথ উদ্যোগে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে সংক্ষিপ্ত সমাবেশে মিলিত হয়।
সমাবেশে বক্তারা অভিযোগ করেন, গত ২ জুলাই অনুষ্ঠিত একটি মানববন্ধনের কারণে দীর্ঘ সময় মহাসড়ক অবরুদ্ধ থাকায় সাধারণ মানুষ দুর্ভোগে পড়েন। তারা বলেন, জনগণকে ভোগান্তিতে ফেলে কোনো আন্দোলন গ্রহণযোগ্য নয়। একই সঙ্গে প্রধানমন্ত্রীর বিরুদ্ধে কুরুচিপূর্ণ স্লোগান ও হত্যার হুমকির অভিযোগ এনে এর সঙ্গে জড়িতদের দ্রুত আইনের আওতায় আনার দাবি জানান।
এ সময় বক্তব্য দেন জেলা ছাত্রদলের সভাপতি মিম ফজলে আজিম, সাধারণ সম্পাদক আখতারুজ্জামান, জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক জামিউল হক সোহেল, সদস্য সচিব বাবর আলী রুমন, জেলা যুবদলের সদস্য সচিব গোলাম কিবরিয়া শাওন, সিনিয়র যুগ্ম আহ্বায়ক ফারুক হোসেনসহ অন্য নেতারা।
বক্তারা সংগঠনের নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান এবং রাষ্ট্রবিরোধী কর্মকাণ্ড ও জনস্বার্থবিরোধী অপচেষ্টার বিরুদ্ধে কঠোর অবস্থানের কথা পুনর্ব্যক্ত করেন।
