সোমবার, ২৩ নভেম্বর ২০২৬ | বাংলা: ৯ অগ্রহায়ণ ১৪৩৩ | আরবি: ১৩ জমাদিউস সানি ১৪৪৮

চাঁপাইনবাবগঞ্জ, বাংলাদেশ

২৭.১৪°C
SP_WEATHER_LIGHT_RAIN Humidity: ৬৫%
Wind: NNW at ৪.৪৯ M/S
মঙ্গলবার
১৯.২°C / ১৯.২°C
বুধবার
২৩.৭৩°C / ২৩.৭৩°C
বৃহস্পতিবার
২৭.৮৭°C / ২৭.৮৭°C
শুক্রবার
২৮°C / ২৮°C
শনিবার
২৩.১৮°C / ২৩.১৮°C
রবিবার
২১.২৬°C / ২১.২৬°C
সোমবার
১৯.৯১°C / ১৯.৯১°C

চাঁপাইনবাবগঞ্জে স্কুল ফিডিংয়ের খাবার খেয়ে ১৬ শিক্ষার্থী অসুস্থ, সরবরাহকারী প্রতিষ্ঠানের বিরুদ্ধে জিডি

চাঁপাইনবাবগঞ্জে স্কুল ফিডিংয়ের খাবার খেয়ে ১৬ শিক্ষার্থী অসুস্থ, সরবরাহকারী প্রতিষ্ঠানের বিরুদ্ধে জিডি

স্টাফ রিপোর্টার 

চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার একটি প্রাথমিক বিদ্যালয়ে স্কুল ফিডিং প্রকল্পের খাবার খেয়ে ১৬ শিক্ষার্থী অসুস্থ হওয়ার ঘটনায় সরবরাহকারী প্রতিষ্ঠান গ্রাম উন্নয়ন কর্ম (গাক)-এর বিরুদ্ধে থানায় সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে। একই সঙ্গে আগামী ১৫ দিনের জন্য প্রতিষ্ঠানটিকে বনরুটি সরবরাহ বন্ধ রাখার নির্দেশ দিয়েছে উপজেলা মনিটরিং কমিটি।

বৃহস্পতিবার বিকেলে চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মারুফ আফজাল রাজন এবং সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) একরামুল হোসাইন বিষয়টি নিশ্চিত করেন।

জানা গেছে, চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার ২১৩টি বিদ্যালয়ে স্কুল ফিডিং প্রকল্পের আওতায় খাবার সরবরাহ করে বেসরকারি সংস্থা গ্রাম উন্নয়ন কর্ম (গাক)। বুধবার সদর উপজেলার সালিম ডোলপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীরা প্রকল্পের আওতায় সরবরাহকৃত ডিম ও পাউরুটি খাওয়ার পর ১৬ জন অসুস্থ হয়ে পড়ে।

ইউএনও মারুফ আফজাল রাজন জানান, বৃহস্পতিবার উপজেলা মনিটরিং কমিটির সভায় ঘটনাটি পর্যালোচনা করা হয়। সভায় আগামী ১৫ দিনের জন্য গাকের বনরুটি সরবরাহ বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তবে ডিম ও কলা সরবরাহ করতে পারবে প্রতিষ্ঠানটি। এসব খাদ্যসামগ্রী অভিভাবকদের নিয়ে গঠিত কমিটির মাধ্যমে যাচাই-বাছাই করে বিতরণ করা হবে।

তিনি আরও জানান, শিক্ষার্থীরা যে খাবার খেয়ে অসুস্থ হয়েছে তার নমুনা সংগ্রহ করা হয়েছে এবং পরীক্ষার জন্য ল্যাবে পাঠানোর প্রক্রিয়া চলছে। এর আগেও গাকের সরবরাহ করা খাবার খেয়ে শিক্ষার্থী অসুস্থ হওয়ার ঘটনা ঘটেছিল। তখনও নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য পাঠানো হলেও এখনো প্রতিবেদন উপজেলা প্রশাসনের হাতে পৌঁছেনি।

এদিকে, সালিম ডোলপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক দুরুল হোদা বৃহস্পতিবার সকালে সদর মডেল থানায় একটি সাধারণ ডায়েরি করেন। ওসি একরামুল হোসাইন বলেন, “ঘটনার বিষয়ে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।”

অসুস্থ শিক্ষার্থীদের মধ্যে ১০ জনকে চাঁপাইনবাবগঞ্জ ২৫০ শয্যাবিশিষ্ট জেলা হাসপাতালে ভর্তি করা হয়েছিল। জেলা হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা ডা. মাহবুব হাসান জানান, চিকিৎসা শেষে সকল শিক্ষার্থী সুস্থ হয়ে হাসপাতাল থেকে ছাড়পত্র নিয়ে বাড়ি ফিরেছে।

Image

সত্যের সন্ধানে জনগনের সাথে

Please fill the required field.