স্টাফ রিপোর্টার
ভারতের সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ কর্তৃক বাংলাদেশে ১৫ জনকে পুশ-ইনের প্রচেষ্টা প্রতিহত করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
শুক্রবার (১২ জুন) দিবাগত গভীর রাতে চাঁপাইনবাবগঞ্জের রোকনপুর সীমান্তে এ ঘটনা ঘটে।
নওগাঁ ব্যাটালিয়ন (১৬ বিজিবি) সূত্রে জানা যায়, রাত আনুমানিক পৌনে ১ টার দিকে নওগাঁ ব্যাটালিয়নের রোকনপুর বিওপির দায়িত্বপূর্ণ এলাকার সীমান্ত পিলার ২২০/এমপি সংলগ্ন স্থানে ৮৮ ব্যাটালিয়ন বিএসএফের কোটালপুর ক্যাম্পের সদস্যরা নদীপথে নৌকাযোগে ১৫ জন কে বাংলাদেশে প্রবেশ করানোর চেষ্টা করে। তাদের মধ্যে ২ জন পুরুষ, ৮ জন নারী ও ৫ জন শিশু ছিল।
বিজিবির সদস্যরা তাৎক্ষণিকভাবে ঘটনাস্থলে পৌঁছে কঠোর অবস্থান গ্রহণ করলে বিএসএফের পুশ-ইনের চেষ্টা ব্যর্থ হয়। এ সময় ওই ১৫ জন সীমান্তের শূন্য রেখা বরাবর ভারতের অভ্যন্তরে অবস্থান করছিলেন।
পরে বিজিবির দৃঢ় অবস্থান ও তৎপরতার মুখে রাত আনুমানিক পৌনে ৩ টার দিকে বিএসএফ সদস্যরা ওই ব্যক্তিদের সীমান্ত পিলার ২২০/এমপি সংলগ্ন ভবানীপুর এলাকা দিয়ে ভারতের অভ্যন্তরে ফিরিয়ে নিয়ে যায়।
নওগাঁ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ আরিফুল ইসলাম মাসুম, পিএসসি বলেন, “নওগাঁ ও চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে পুশ-ইন, অবৈধ অনুপ্রবেশ এবং অবৈধ পারাপার প্রতিরোধে বিজিবি সর্বদা সতর্ক ও পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালন করে যাচ্ছে। সীমান্ত এলাকায় সার্বক্ষণিক নজরদারি জোরদার করা হয়েছে এবং এ ধরনের যে কোনো অপতৎপরতা প্রতিহত করতে বিজিবি বদ্ধপরিকর।”
বিজিবি জানিয়েছে, সীমান্ত পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করা হচ্ছে এবং সীমান্তজুড়ে টহল ও নজরদারি কার্যক্রম আরও জোরদার করা হয়েছে।
এর আগে একই উপজেলার ভাংগা বাড়ি সীমান্ত দিয়ে ২৮ জন কে গত ৪ জুন গভীর রাতে সীমান্ত লাইট বন্ধ করে পুশইনের চেষ্টা চালায় বিএস এফ।
