চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলায় ভুয়া অতিরিক্ত পুলিশ সুপার (এএসপি) ও গোয়েন্দা বিভাগ (ডিবি) পরিচয়ে প্রতারণার চেষ্টা এবং ভয়ভীতি প্রদর্শনের অভিযোগে মো. অলিউল্লাহ নামে এক ব্যক্তিকে গ্রেফতার করেছে পুলিশ।
গ্রেফতারকৃত মো. অলিউল্লাহ শিবগঞ্জ উপজেলার মোবারকপুর ইউনিয়নের ওপরটোলা গ্রামের মো. ইসারুলের ছেলে।
শিবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জানান, গত বৃহস্পতিবার উপজেলার ধোপপুকুর এলাকায় অবস্থিত রাকিব অ্যান্ড ব্রাদার্স ফিলিং স্টেশনে গিয়ে অলিউল্লাহ নিজেকে অতিরিক্ত পুলিশ সুপার (এএসপি) পরিচয় দিয়ে জ্বালানি তেল সংগ্রহের চেষ্টা করেন। এ সময় তিনি পেট্রোল পাম্পের কর্মীদের ভয়ভীতি প্রদর্শন করেন।
ঘটনার সময়কার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে বিষয়টি নিয়ে ব্যাপক আলোচনা শুরু হয়। পরে পুলিশ বিষয়টি নিশ্চিত হয়ে তদন্ত শুরু করে এবং জানতে পারে, তিনি ভুয়া পরিচয় ব্যবহার করে জ্বালানি তেল নেওয়ার চেষ্টা করছিলেন।
পুলিশ জানায়, তথ্য-প্রযুক্তির সহায়তায় তার অবস্থান শনাক্ত করে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। এ ঘটনায় শিবগঞ্জ থানায় মামলা দায়ের করা হয়েছে।
পরবর্তীতে তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে বলে জানিয়েছে পুলিশ।
