নিজস্ব প্রতিবেদক, চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলায় বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর নেতাকর্মীদের সঙ্গে নবাগত জেলা প্রশাসকের এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১১ এপ্রিল, ২০২৬) সন্ধ্যা ৬টায় এ সভার আয়োজন করা হয়।
সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব মো: হারুনুর রশিদ, সাবেক সংসদ সদস্য ও প্রশাসক, জেলা পরিষদ, চাঁপাইনবাবগঞ্জ।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আলহাজ্ব মো: আশরাফুল হক, আহ্বায়ক, শিবগঞ্জ উপজেলা বিএনপি; মো: তোসিকুল আলম, সাংগঠনিক সম্পাদক, শিবগঞ্জ উপজেলা বিএনপি; এবং মো: আলমগীর কবির জুয়েল, সদস্য সচিব, শিবগঞ্জ পৌর বিএনপি।
সভায় সভাপতিত্ব করেন মো: সফিকুল ইসলাম, আহ্বায়ক, শিবগঞ্জ পৌর বিএনপি।
মতবিনিময় সভায় স্থানীয় রাজনৈতিক, সামাজিক ও প্রশাসনিক বিভিন্ন বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা হয়। এ সময় বক্তারা নবাগত জেলা প্রশাসকের সঙ্গে সমন্বয় বজায় রেখে এলাকার উন্নয়ন কার্যক্রম এগিয়ে নেওয়ার ওপর গুরুত্বারোপ করেন।
প্রধান অতিথির বক্তব্যে মো: হারুনুর রশিদ বলেন, “শিবগঞ্জের সার্বিক উন্নয়নে প্রশাসন ও রাজনৈতিক নেতৃবৃন্দের মধ্যে সমন্বয় অত্যন্ত জরুরি। জনগণের কল্যাণে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। উন্নয়ন কার্যক্রম বাস্তবায়নে কোনো ধরনের প্রতিবন্ধকতা থাকলে তা সমাধানে আমরা একসঙ্গে কাজ করবো।”
তিনি আরও বলেন, “এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং জনগণের মৌলিক অধিকার নিশ্চিত করতে সবাইকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।”
অনুষ্ঠানটি আয়োজন করে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি), শিবগঞ্জ উপজেলা ও পৌর শাখা, চাঁপাইনবাবগঞ্জ।
