নাচোল (চাঁপাইনবাবগঞ্জ), শুক্রবার (১০ এপ্রিল):
চাঁপাইনবাবগঞ্জের নাচোল উপজেলায় কৃষিজমির উপরিভাগের উর্বর মাটি কেটে অবৈধভাবে ইটভাটায় বহনের সময় মোঃ সালেহসহ চারজনকে আটক করেছে ভ্রাম্যমাণ আদালত। এ সময় তাদের মোট ২ লাখ টাকা অর্থদণ্ড দেওয়া হয়।
উপজেলার নাচোল সদর ইউনিয়নের খেসবা লাইপাড়া এলাকায় স্থানীয়দের অভিযোগের ভিত্তিতে শুক্রবার দুপুরে এ অভিযান পরিচালনা করা হয়। জানা যায়, “সাথী ভাটা”র জন্য কৃষিজমি থেকে মাটি কেটে ট্রাকে করে বহন করা হচ্ছিল।
অভিযানকালে মাটি বহনের কাজে ব্যবহৃত চারটি গাড়িও জব্দ করা হয়।
এ অভিযানে নেতৃত্ব দেন উপজেলা নির্বাহী অফিসার (ভারপ্রাপ্ত) ও সহকারী কমিশনার (ভূমি) মোছাঃ সুলতানা রাজিয়া। এলাকাবাসীর সহযোগিতায় অভিযানটি সফলভাবে পরিচালিত হয়।
বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০২৩-এর ৭(ক) ধারা লঙ্ঘনের দায়ে ১৫(১) ধারার আওতায় চারজনকে ৫০ হাজার টাকা করে মোট ২ লাখ টাকা জরিমানা করা হয়।
এ বিষয়ে মোছাঃ সুলতানা রাজিয়া বলেন, “কৃষিজমির উর্বর মাটি কেটে নেওয়া পরিবেশ ও খাদ্য উৎপাদনের জন্য মারাত্মক ক্ষতিকর। জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।”
