নিজস্ব প্রতিবেদক আব্দুল বাতেন, মহান স্বাধীনতা দিবস ও জাতীয় দিবস ২০২৬ উপলক্ষে শিবগঞ্জ উপজেলা প্রশাসনের আয়োজিত বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা অনুষ্ঠান হট্টগোল ও উত্তেজনার মধ্য দিয়ে পণ্ড হয়ে গেছে।
বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টার দিকে উপজেলা চত্বরে ভারপ্রাপ্ত উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী কমিশনার (ভূমি) তৌফিক আজিজের সভাপতিত্বে এ অনুষ্ঠান শুরু হয়। শুরুতেই জাতীয় সংগীত পরিবেশন এবং শহীদদের আত্মার মাগফেরাত কামনায় এক মিনিট নীরবতা পালন করা হয়।
এরপর বক্তব্য পর্ব শুরু হলে উপস্থাপক উপজেলা সমাজসেবা কর্মকর্তা নুরুল ইসলাম চাঁপাইনবাবগঞ্জ জেলা মুক্তিযোদ্ধা ইউনিটের যুগ্ম আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা জুবায়ের হোসেনের নাম ঘোষণা করেন। এ সময় সাবেক শিবগঞ্জ উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার বীর মুক্তিযোদ্ধা বজলার রশিদ সনু ও অন্যান্য মুক্তিযোদ্ধারা তাকে বক্তব্য দিতে বাধা দেন। এতে অনুষ্ঠানস্থলে উত্তেজনা ও হট্টগোল সৃষ্টি হয়।
পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে দ্রুত অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হয়।
বীর মুক্তিযোদ্ধা জুবায়ের হোসেন অভিযোগ করেন, “উপস্থাপকের ঘোষণার পর মঞ্চে উঠতেই আমাকে বাধা দেওয়া হয়েছে।”
অন্যদিকে সাবেক উপজেলা কমান্ডার বজলার রশিদ সনু বলেন, “পূর্বনির্ধারিত তালিকার বাইরে নাম ঘোষণা করা হলে আপত্তি জানানো হয়েছে। কোনো গোলমাল করা হয়নি।”
এ ঘটনায় বীর মুক্তিযোদ্ধা ও সাধারণ মানুষের মাঝে ক্ষোভ বিরাজ করছে।
এ বিষয়ে ভারপ্রাপ্ত উপজেলা নির্বাহী কর্মকর্তা তৌফিক আজিজ জানান, “মুক্তিযোদ্ধাদের মধ্যে সামান্য ভুল বোঝাবুঝির কারণে এ পরিস্থিতির সৃষ্টি হয়েছে। তবে শেষ পর্যন্ত অনুষ্ঠান শান্তিপূর্ণভাবেই শেষ হয়েছে।”
