ভোলাহাট প্রতিনিধি
চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাট উপজেলায় আওয়ামী লীগ থেকে প্রায় ৫০ জন নেতাকর্মী বিএনপিতে যোগ দিয়েছেন। মঙ্গলবার (১৩ জানুয়ারি) বিকেলে ভোলাহাট ফায়ার সার্ভিসের পাশে বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার আত্মার মাগফিরাত কামনায় আয়োজিত দোয়া মাহফিল শেষে আনুষ্ঠানিকভাবে তারা বিএনপিতে যোগ দেন। উপজেলা বিএনপির সভাপতি মো. ইয়াজদানী জজের কাছে তারা বিএনপিতে যোগদানের ঘোষণা দেন।
যোগদানকারীদের মধ্যে উল্লেখযোগ্য তিনজন হলেন—ভোলাহাট ইউনিয়নের ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও ইউপি সদস্য মো. আলমগীর রেজা, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সাংগঠনিক সম্পাদক ও ইউপি সদস্য আব্দুর রহমান শওকত এবং আওয়ামী লীগ নেতা ও গোয়ালবাড়ী ইউপি সদস্য মো. সাদিকুল ইসলাম।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আব্দুল কাদির, সদর ইউনিয়ন বিএনপির সভাপতি আজিজুর রহমান ও সাধারণ সম্পাদক মামুনুর রশিদ, গোয়ালবাড়ী ইউনিয়ন বিএনপির সভাপতি রহমত আলী ও সাধারণ সম্পাদক আব্দুর রকিব, দলদলী ইউনিয়ন বিএনপির সভাপতি মোতালেব আলী ও সাধারণ সম্পাদক মোস্তাকিম আলী মেম্বার এবং জামবাড়িয়া ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক কামরুল ইসলাম বাবুসহ বিএনপির একাধিক নেতাকর্মী।
ইউপি সদস্য মো. সাদিকুল ইসলাম বলেন, “আমি আগে বিএনপিতে রাজনীতি করেছি। আজ আবার আওয়ামী লীগ থেকে বিএনপিতে যোগ দিলাম। এখন বিএনপি নেতাদের নির্দেশনা অনুযায়ী কাজ করব।”
আলমগীর রেজা বলেন, “তারেক রহমানের আদর্শে অনুপ্রাণিত হয়ে বিএনপিতে যোগ দিয়েছি। এখন থেকে বিএনপির সব কর্মসূচিতে অংশ নেব।”
উপজেলা বিএনপির সভাপতি মো. ইয়াজদানী জজ বলেন, “তারেক রহমানের ‘আই হ্যাভ এ প্ল্যান’ উদ্যোগ তাদের ভালো লেগেছে। সে কারণেই তারা আমাদের কাছে যোগদানের আগ্রহ প্রকাশ করেন। আনুষ্ঠানিকভাবে তাদের বিএনপিতে অন্তর্ভুক্ত করা হয়েছে। ভবিষ্যতে তারা বিএনপির পক্ষে কাজ করবেন।”
