চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি:
চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ সীমান্ত এলাকায় বিশেষ অভিযান চালিয়ে ২টি বিদেশি পিস্তল, ৪টি ম্যাগাজিন ও ৫ রাউন্ড গুলি উদ্ধার করেছে চাঁপাইনবাবগঞ্জ ব্যাটালিয়ন (৫৩ বিজিবি)।
মঙ্গলবার (২৩ ডিসেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে শিবগঞ্জ উপজেলার মনাকষা বিওপি’র দায়িত্বপূর্ণ রাঘববাটি এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।
বিজিবি সূত্রে জানা গেছে, দেশের বর্তমান পরিস্থিতিতে আইন-শৃঙ্খলা নিয়ন্ত্রণ ও সীমান্ত নিরাপত্তা জোরদারের অংশ হিসেবে ৫৩ বিজিবি নিয়মিত টহল ও তল্লাশি কার্যক্রম পরিচালনা করছে। এরই ধারাবাহিকতায় মঙ্গলবার রাঘববাটি এলাকায় একটি অস্থায়ী চেকপোস্ট স্থাপন করে তল্লাশি চালাচ্ছিল বিজিবির বিশেষ টহল দল।
এসময় গোপন সংবাদের ভিত্তিতে জানা যায়, সীমান্ত থেকে প্রায় ৯০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে চোরাচালানকৃত অস্ত্রের একটি চালান প্রবেশের চেষ্টা হতে পারে। প্রাপ্ত তথ্য অনুযায়ী বিজিবি সদস্যরা কৌশলগত অবস্থান গ্রহণ করেন।
বেলা সাড়ে ১১টার দিকে এক সন্দেহভাজন ব্যক্তিকে ওই এলাকায় আসতে দেখা গেলে বিজিবি সদস্যরা তাকে চ্যালেঞ্জ করেন। এতে ওই ব্যক্তি তার হাতে থাকা একটি ব্যাগ ফেলে দ্রুত সীমান্তের দিকে পালিয়ে যায়। পরে ঘটনাস্থল তল্লাশি করে পরিত্যক্ত ব্যাগ থেকে কালো পলিথিনে মোড়ানো ২টি বিদেশি পিস্তল, ৪টি ম্যাগাজিন ও ৫ রাউন্ড গুলি উদ্ধার করা হয়।
উল্লেখ্য, এর আগে গত ১৫ ডিসেম্বর ২০২৫ তারিখে ৫৩ বিজিবি পরিচালিত অপর এক অভিযানে ৪টি বিদেশি পিস্তল, ৯টি ম্যাগাজিন ও ২৪ রাউন্ড গুলি উদ্ধার করা হয়। এক সপ্তাহের ব্যবধানে এটি বড় ধরনের দ্বিতীয় অস্ত্র উদ্ধারের ঘটনা।
৫৩ বিজিবি’র পক্ষ থেকে জানানো হয়েছে, সীমান্ত সুরক্ষা, চোরাচালান প্রতিরোধ এবং যেকোনো ধরনের অপ্রীতিকর পরিস্থিতি মোকাবিলায় বর্ডার গার্ড বাংলাদেশ দৃঢ়প্রতিজ্ঞ। সীমান্ত এলাকায় গোয়েন্দা নজরদারি ও বিশেষ টহল কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
