চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি:
চাঁপাইনবাবগঞ্জের বিভিন্ন উপজেলায় পৃথক অভিযান চালিয়ে গত ২৪ ঘণ্টায় নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের ৬ নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তারকৃতদের মধ্যে জেলা ছাত্রলীগের সাবেক সভাপতিও রয়েছেন।
বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) দুপুর সাড়ে ১২টার দিকে এ তথ্য নিশ্চিত করেন চাঁপাইনবাবগঞ্জ জেলা পুলিশের মুখপাত্র ও অতিরিক্ত পুলিশ সুপার এ. এন. এম. ওয়াসিম ফিরোজ।
তিনি জানান, দেশব্যাপী ‘অপারেশন ডেভিল হান্ট ফেজ–২’ নামে যৌথবাহিনীর বিশেষ অভিযান চলমান রয়েছে। এর অংশ হিসেবে চাঁপাইনবাবগঞ্জ জেলাজুড়েও অভিযান পরিচালনা করা হচ্ছে। এরই ধারাবাহিকতায় সন্ত্রাসবিরোধী আইনে নাহিদ শিকদারকে গ্রেপ্তার করা হয়। পাশাপাশি জেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে আরও পাঁচজনকে গ্রেপ্তার করে যৌথবাহিনী।
পুলিশ জানায়, বুধবার (১৭ ডিসেম্বর) শিবগঞ্জ উপজেলার দাইপুকুরিয়া ইউনিয়নের বারিক বাজার এলাকার নিজ বাড়ির সামনে থেকে নাহিদ শিকদারকে গ্রেপ্তার করা হয়। অপর গ্রেপ্তারকৃতদেরও নিজ নিজ এলাকা থেকে আটক করা হয়েছে।
গ্রেপ্তারকৃতরা হলেন— নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের চাঁপাইনবাবগঞ্জ জেলা শাখার সাবেক সভাপতি নাহিদ শিকদার (৩৬), চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার সুন্দরপুর ইউনিয়নের মৃত মকবুল মণ্ডলের ছেলে ও ১ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি রফিকুল ইসলাম ওরফে রফিক ঘাটেল (৫৫), শিবগঞ্জ উপজেলার ধাইনগর ইউনিয়নের মজলিম মণ্ডলের ছেলে ও ইউনিয়ন যুবলীগের সেক্রেটারি হারুন অর রশিদ (৪৩), রহনপুর পৌরসভার মৃত গোলাম মোস্তফার ছেলে ও পৌর যুবলীগের সাংগঠনিক সম্পাদক আবু সুফিয়ান (৩৩), নাচোল উপজেলার আঝাইর গ্রামের মৃত সাহেবজানের ছেলে ও উপজেলা আওয়ামী লীগের ধর্মবিষয়ক সম্পাদক ওবাইদুর রহমান (৩৮) এবং ভোলাহাট উপজেলার গোহালবাড়ি ইউনিয়নের বাজারটেক এলাকার খান মোহাম্মদের ছেলে ও ৮ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি সাবিরুল ইসলাম (৪৮)।
