চাঁপাইনবাবগঞ্জ, প্রতিনিধি:
প্রেমের সম্পর্ককে পূর্ণতা দিতে বিবাহবন্ধনে আবদ্ধ হওয়ার পর নিজের পরিবারের পক্ষ থেকে 'মিথ্যা অপহরণ' মামলায় হয়রানির শিকার হওয়ার অভিযোগ তুলেছেন চাঁপাইনবাবগঞ্জের সদর উপজেলার ইসলামপুর ইউনিয়নের ভবনীপুর তেররশিয়া গ্রামের ইসরাত খাতুন নামে এক গৃহবধ। হয়রানি থেকে মুক্তি এবং স্বামীর পরিবারের নিরাপত্তা নিশ্চিত করার দাবি জানিয়ে রবিবার (৩০ নভেম্বর) বেলা ১১ টায় চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রেসক্লাবে তিনি একটি সংবাদ সম্মেলন করেছেন।
সংবাদ সম্মেলনে ১৯ বছর বয়সী ইসরাত খাতুন জানান, আরিফুল হকের সাথে তাঁর দীর্ঘদিনের প্রেমের সম্পর্ক ছিল। কিন্তু পারিবারিক চাপে তাঁকে অন্য একজনের সাথে বিয়ে দেওয়া হয়। তবে সেই প্রেম ভুলতে না পারায় তিনি আগের স্বামীকে তালাক দেন এবং গত ২৬ নভেম্বর তাঁর প্রেমিক আরিফুল হককে বিয়ে করেন।
ইসরাত খাতুনের ভাষ্য, "এই বিয়ে আমার বাবার পরিবার মেনে নিতে পারেনি। ফলে আমার বাবা-মা আমাদের বিরুদ্ধে মিথ্যা ও বানোয়াট অপহরণের মামলা করেছেন। এই মামলার কারণে আমি, আমার বর্তমান স্বামী আরিফুল হক, শ্বশুর, শাশুড়িসহ শ্বশুরবাড়ির সবাই ব্যাপক হয়রানির শিকার হচ্ছেন।"
ইসরাত খাতুন সংবাদ সম্মেলনে বলেন, "আমাকে কেউ জোর করে অপহরণ করেনি। আমি আমার স্বইচ্ছায় আগের স্বামীকে তালাক দিয়ে প্রেমিককে বিয়ে করেছি।" তিনি আরও দাবি করেন, বর্তমান স্বামীর পরিবার তাঁকে স্বেচ্ছায় পুত্রবধূ হিসেবে মেনে নিয়েছেন এবং তিনি নিজ ইচ্ছাতেই এই সংসারে এসেছেন।
সংবাদ সম্মেলন ইসরাত খাতুন তার স্বামী আরিফুল ছাড়াও উপস্থিত ছিলেন আরিফুলের দুই চাচা, গোলাম মুস্তাফা ও তাইদুল ইসলাম। সংবাদ সম্মেলনের শেষে ইসরাত খাতুন আইনশৃঙ্খলা বাহিনীর কাছে তাঁর এবং তাঁর স্বামীর পরিবারের নিরাপত্তা দ্রুত নিশ্চিত করার জন্য জোর দাবি জানিয়েছেন। পাশাপাশি তিনি তাঁর বাবা-মা যেন দ্রুত সত্য ও মিথ্যা বুঝতে পেরে তাঁদের মেনে নেন, সেই বিষয়ে সকল সাংবাদিক ভাইদের সহযোগিতা কামনা করেন তিনি।
