নিজস্ব প্রতিবেদক
চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে শুরু হয়েছে জাতীয় প্রাণিসম্পদ সেবা সপ্তাহ ও প্রদর্শনী। প্রতিপাদ্য—‘দেশীয় জাত, উন্নত প্রযুক্তি—প্রাণিসম্পদে হবে উন্নতি’। বুধবার সকালে শিবগঞ্জ পাইলিং মোড়ে ফিতা কেটে এ কার্যক্রমের উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আজাহার আলী। উদ্বোধনের পর বের হয় একটি বর্ণাঢ্য র্যালি।
অনুষ্ঠানে ইউএনও আজাহার আলী বলেন, প্রাণিসম্পদের উন্নয়ন, আধুনিক প্রযুক্তির ব্যবহার নিশ্চিত করা এবং নিরাপদ খাদ্য উৎপাদনে মানুষকে সচেতন করাই এই সপ্তাহ পালন করার লক্ষ্য।
অনুষ্ঠানের সভাপতি ছিলেন উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. শাহাদৎ হোসেন। উপস্থিত ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা নয়ন মিয়া, সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা সঞ্জয় কুমার সরকার, ভেটেরিনারি সার্জন ডা. আবু ফেরদৌস, উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা শাহিন আকতার, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা আবদুৎ তোয়াবসহ অন্যান্য সরকারি কর্মকর্তা-কর্মচারী।
পাইলিং মোড় আমবাগানে অনুষ্ঠিত প্রদর্শনীতে মোট ৩০টি স্টল স্থান পায়। স্টলগুলোতে হাঁস, মুরগি, পাখি, ঘোড়া, উন্নত জাতের গরু-ছাগলসহ নানা ধরনের প্রাণি প্রদর্শন করা হয়। স্থানীয় খামারিরা নিজেদের খামারের সবচেয়ে আকর্ষণীয় গরুও প্রদর্শনীতে নিয়ে আসেন। পরে অতিথিরা প্রতিটি স্টল ঘুরে দেখেন।
উদ্বোধনী অনুষ্ঠানে স্থানীয় খামারি, উদ্যোক্তা ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।
