নিজস্ব প্রতিবেদক
নিম্নচাপের প্রভাবে চাঁপাইনবাবগঞ্জ জেলায় টানা বৃষ্টি অব্যাহত রয়েছে। শুক্রবার বিকাল থেকে শনিবার সকাল পর্যন্ত জেলার আকাশ মেঘে ঢাকা, সূর্যের দেখা মেলেনি একবারও। কোথাও মুষলধারায়, আবার কোথাও টিপটিপ করে বৃষ্টি হচ্ছে।
অবিরাম বৃষ্টিতে জেলার বিভিন্ন এলাকায় সৃষ্টি হয়েছে জলাবদ্ধতা। বাজার, রাস্তাঘাট ও জনপদে হাঁটুসমান পানি জমে জনজীবনে নেমেছে দুর্ভোগ। কর্মজীবী মানুষ থেকে শুরু করে দিনমজুর—সবাই ভোগান্তিতে পড়েছেন।
হাওয়া অফিস সূত্রে জানা গেছে, বঙ্গোপসাগরে সৃষ্ট নিম্নচাপের প্রভাবে এ বৃষ্টি চলছে। রবিবার পর্যন্ত এর প্রভাব অব্যাহত থাকতে পারে। তবে সোমবার থেকে আবহাওয়ার উন্নতি হবে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।
