চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি:
চাঁপাইনবাবগঞ্জে চেক ডিজঅনার মামলায় জেলা বিএনপির সদস্য সচিব রফিকুল ইসলাম ওরফে চাইনিজ রফিককে এক বছরের বিনাশ্রম কারাদণ্ড এবং ৪০ লাখ টাকার অর্থদণ্ড দিয়েছেন আদালত।
মঙ্গলবার (২১ অক্টোবর) যুগ্ম জেলা ও দায়রা জজ আঃ বাঃ মোঃ নাহিদুজ্জামান রায় ঘোষণা করেন। রফিকুল ইসলাম আদালতে উপস্থিত ছিলেন না। তিনি চাঁপাইনবাবগঞ্জ পৌর এলাকার প্রফেসরপাড়ার আবুল কালাম আজাদের ছেলে।
বাদী হাম্মাদ আলী জানান, তিনি রফিকুল ইসলামকে ধার হিসেবে ৪০ লাখ টাকা দিয়েছিলেন। দুই মাসে টাকা ফেরত না পাওয়ায় তিনি মামলা দায়ের করেন। বাদী বলেন, “দীর্ঘদিন পর রায়ে আমি সন্তুষ্ট। মামলার সময় বিভিন্ন হুমকিও পেয়েছি।”
আদালত রায়ের পর দণ্ডপ্রাপ্ত আসামির বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে।
