চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি:
চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে দুটি বিদেশি পিস্তল, চারটি ম্যাগাজিন ও তিন রাউন্ড গুলি উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। মঙ্গলবার (১০ ফেব্রুয়ারি) ভোরে শিবগঞ্জ উপজেলার মনাকষা ইউনিয়নের তুতাপাড়া এলাকায় এই অভিযান পরিচালনা করা হয়।
নির্বাচনকে সামনে রেখে দেশে অবৈধ অস্ত্র চোরাচালানের চেষ্টা বাড়ছে বলে জানিয়েছে বিজিবি।
মঙ্গলবার দুপুরে চাঁপাইনবাবগঞ্জ ব্যাটালিয়ন (৫৩ বিজিবি) ক্যাম্পে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব তথ্য নিশ্চিত করেন ব্যাটালিয়ন অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল কাজি মুস্তাফিজুর রহমান।
সংবাদ সম্মেলনে তিনি বলেন, আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটকে কেন্দ্র করে সীমান্ত এলাকায় গোয়েন্দা নজরদারি জোরদার করা হয়েছে। এরই ধারাবাহিকতায় মঙ্গলবার ভোর সাড়ে ৫টায় মাসুদপুর বিওপি’র একটি টহল দল সীমান্ত থেকে আনুমানিক ২০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে বিশেষ অভিযান চালিয়ে পরিত্যক্ত অবস্থায় এসব অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার করে।
তিনি আরও জানান, নির্বাচনকে সামনে রেখে নাশকতার উদ্দেশ্যেই এসব অবৈধ অস্ত্র দেশে আনার চেষ্টা করা হচ্ছিল বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। দেশের অভ্যন্তরীণ নিরাপত্তা ও শান্তি রক্ষায় বিজিবি সদস্যদের সতর্ক অবস্থান এবং চোরাচালানবিরোধী অভিযান অব্যাহত থাকবে।
